কলকাতায় অগ্নিকান্ডে নিহত বাবুর দাফন সম্পন্ন

ভারতের কলকাতায় একটি হোটেলে অগ্নিকান্ডে নিহত আহমেদ বাবুর দাফন তার নিজ বাড়ি সাভারের আমিনবাজারে সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় আমিনবাজারের হিজলা গ্রামের পাঁচ মসজিদ মাঠে জানাজা শেষে আমিনবাজার কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় নিহতের স্বজনরা ছাড়াও বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশীসহ আমিনবাজারের সর্বস্তরের জনগণ অংশ নেয়।

এর আগে শনিবার বিকেলে কলকাতা থেকে বেনাপোল বন্দরে পৌঁছায় বাবুর মরদেহ। সেখানে ইমিগ্রেশন শেষে মরদেহবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স শনিবার রাত ৩টায় আমিনবাজারে পৌঁছায়। এ সময় তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া।

পরিবারে বাবুর মা, তিন ভাই, স্ত্রী, আট বছরের একটি কন্যাসন্তান এবং পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বাবুর স্ত্রী ও তার অবুঝ দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত স্বজনসহ এলাকাবাসী। তারা এমন মৃত্যুর বিচার ও অসহায় এ পরিবারটির সহায়তা পেতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট ভোরে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক ছিলেন। তাদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরেছে। তাদেরই একজন সাভারের আমিনবাজারের আহমেদ বাবু।