পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি

প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রীর মধ্যে কে কোন দায়িত্ব পালন করবেন তা নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের মাধ্যমে কার্যবণ্টন করা হয়েছে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে কার্যক্রম পরিচালনায় সহায়তা করবেন। পরিপত্রে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীকে তার দিকনির্দেশনা এবং তত্ত্বাবধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিতব্য অন্য যেকোনো বিষয়ে কার্য সম্পাদনে সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একইভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ পররাষ্ট্রমন্ত্রীকে তার দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিসংক্রান্ত কাজ সম্পাদনে সহায়তা করবেন।