চেতনানাশক মিশানো খাবার খেয়ে একই পরিবারের ৩জন হাসপাতালে

পিরোজপুরের জিয়ানগরে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে বসতঘর থেকে নগদ ৭০ হাজার টাকা ও সোনার কানের দুল চুরির অভিযোগ উঠেছে। রবিবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার চাড়খালী গ্রামে এই ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন ব্যবসায়ী আমির হোসেন (৪৫), তার স্ত্রী মাহিনুর বেগম (৪০) ও ছেলে তাওহীদ (১৬)।

পরিবারের সদস্যদের অভিযোগ, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর তারা দীর্ঘ সময় অচেতন ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ট্রাংকের তালা খুলে নগদ ৭০ হাজার টাকা ও মাহিনুর বেগমের সোনার কানের দুলসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।

প্রতিবেশীরা জানান, সকালে পরিবারের সদস্যদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় পরিবারের তিন সদস্যকে ঘরের বিভিন্ন স্থানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের জাগানোর চেষ্টা করা হয় কিন্তু ওইসময় তারা ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না। পরে তাদেরকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আমির হোসেনের বড় ছেলে মিরাজ জানান, সকালে গ্রামের প্রতিবেশীদের ফোনে ঘটনাটি জানতে পারেন। বর্তমানে তার বাবা, মা ও ছোট ভাই হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অভিযোগ, ঘরে থাকা নগদ টাকা ও মায়ের সোনার কানের দুলসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, খবর পাওয়ার পর ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।