আবেদন শুরু ১৫ নভেম্বর

চবিতে স্নাতক ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং অনলাইনে আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিবারের মতো চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী তিন বিভাগীয় শহরে চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার (২৩ আগস্ট) ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া চারটি ইউনিট ও তিনটি উপইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করে কর্তৃপক্ষ।

১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি ১,  বি ২ ও  ডি ১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ইউনিট অনুযায়ী ভর্তি পরীক্ষার সম্ভাব্য সূচি

বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৩০ জানুয়ারি (শনিবার), কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৫ ফেব্রুয়ারি (শুক্রবার), ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি (শুক্রবার), সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি (শনিবার)। এছাড়া তিনটি উপইউনিটের ভর্তি পরীক্ষার পৃথক তারিখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি (বুধবার), বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ও ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি (সোমবার)।

এবিষয়ে চবির ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন বলেন, প্রতিবারের মতোই আমাদের ভর্তি পরীক্ষা তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু পরীক্ষা আয়োজন করতে পারবো।