হরমুজ প্রণালিসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার ইরান সফরে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর আল-বুসাইদি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে সোমবার এ তথ্য জানানো হয়েছে। সফরে গুরুত্বপূর্ণ এই জলপথের পরিস্থিতি এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
ইরান ও ওমান দুই দেশেরই হরমুজ প্রণালিতে উপকূল রয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে নতুন করে জাহাজ চলাচলের পথ নির্ধারণ নিয়েও দুই দেশ আলোচনা করছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। ফলে প্রণালিটিকে ঘিরে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র ও চলমান সংঘাতে আলোচনায় মধ্যস্থতাকারী দেশ ওমানের বিরুদ্ধে একাধিকবার হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত কয়েক মাস ধরে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী বলে দাবি করে আসছে। এর মধ্যেই ওমানের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।