দেশে বেকার টাই-পরা লোকের সংখ্যা বাড়ছে: এনামুল হক

যশোর-৫ মনিরামপুরের সংসদ সদস্য গাজী এনামুল হক বলেছেন, দেশে বেকার টাই পরা মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় কলেজটির অধ্যক্ষ জি, এম রবিউল ইসলাম ফারুকীর সভাপতিত্বে তিনি আরও বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, আমরা এই সরকারের ভাল কাজকে ভাল ও খারাপ কাজকে খারাপ বলব। বাজেট পাশ হয়েছে, উন্নয়নমূলক কাজ শুরু হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। তিনি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত কলেজটির জরাজীর্ণ ভবন পরিদর্শন করেন এবং কলেজের শিক্ষার পরিবেশ ও সার্বিক বিষয় খোঁজ-খবর নেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনিরাপুর উপজেলা আমীর ফজলুল হক, প্রভাষক সিরাজুল ইসলাম, প্রভাষক আলমগীর হোসেন, সাজেদুর রহমান লিটু, মোস্তাফিজুর রহমান, সৈয়দা আরিফা আক্তার প্রমুখ। তবে কলেজে কোন শিক্ষার্থী সে সময় উপস্থিত ছিলনা।