ভাই-বোনের ভালোবাসা, আবেগ এবং চিরাচরিত উৎসবের নাম রাখি বন্ধন। সেই রাখি উপলক্ষে তৈরি একটি বিজ্ঞাপনে আধুনিক সাজে হাজির হন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। আর অভিনেত্রীর সেই ফ্যাশন স্টাইল নিয়েই এবার শুরু হয়েছে জোর বিতর্ক। উৎসবের মতো ঐতিহ্যবাহী আবহে কৃতির পোশাক কতটা মানানসই, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।
ফ্যাশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা কৃতির কাছে নতুন কিছু নয়। সাবেকি পোশাকের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে বারবার নজর কেড়েছেন অভিনেত্রী। রাখি বন্ধনের এই বিজ্ঞাপনেও তার ব্যতিক্রম হয়নি। বিজ্ঞাপনে অফ-হোয়াইট রঙের ব্রালেট-স্টাইলের ব্লাউজ, তার সঙ্গে কেপ এবং ড্র্যাপড স্কার্টে দেখা যায় কৃতিকে। তার গোটা লুকেই ছিল সমসাময়িক ফ্যাশনের ছাপ।
তবে রাখির মতো ভারতীয় ঐতিহ্য ও পারিবারিক আবেগের সঙ্গে জড়িত একটি উৎসবকে কেন্দ্র করে এমন পোশাক বেছে নেওয়ায় আপত্তি জানিয়েছেন অনেকেই। তাদের বক্তব্য, রাখির বিজ্ঞাপনে আরও ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক কৃতির লুকে বেশি মানানসই হত। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, উৎসবের মূল আবহকে পাশে সরিয়ে কেন এতটা আধুনিক সাজকে গুরুত্ব দেওয়া হলো?