'কিছু ধনী ফুটবল দেশ চায় না ছোট দেশগুলো উন্নত হোক', বিস্ফোরক ইনফান্তিনো

বিশ্ব ফুটবলের ধনী ও আর্থিক সংস্থানহীন সদস্য দেশগুলোর মধ্যকার বৈষম্য ও ব্যবধান দূর করাই ফিফার প্রধান কাজ বলে মন্তব্য করেছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন, কিছু প্রভাবশালী ও ধনী ফুটবল ফেডারেশন চায় না ছোট বা দরিদ্র দেশগুলো ফুটবলে উন্নতি করুক। 

রবিবার ডমিনিকান রিপাবলিকে ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়নের (সিএফইউ) একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইনফান্তিনো এসব কথা বলেন।
 
ফিফার বাণিজ্যিক স্বত্ব বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা ও বাধার মুখে পড়েন ইনফান্তিনো। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল প্রতিটি সদস্য দেশকে প্রায় ৪০ মিলিয়ন (৪ কোটি) ডলার করে আর্থিক অনুদান দেওয়া। তবে প্রভাবশালী দেশগুলোর বিরোধিতায় সেই প্রকল্প ভেস্তে যায়। এর পর থেকেই কার্যত কোণঠাসা অবস্থায় রয়েছেন তিনি।

আগামী বছর ফিফা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা 'উয়েফা', এশিয়ার 'এএফসি' এবং উত্তর ও মধ্য আমেরিকার 'কনকাকাফ'এর মতো পরাশক্তিগুলো মেয়াদের আগেই ইনফান্তিনোর বিরুদ্ধে অনাাস্থা প্রস্তাব আনার বিষয়ে আলোচনা করছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে।

ভিডিও সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, "বিশ্বের ২১১টি দেশেই ফুটবলের বিকাশ ঘটানোই আমাদের আসল কাজ। দুর্ভাগ্যবশত, কিছু দেশ ধনী হওয়ায় তারা চায় না অন্য দেশগুলো আর্থিক বা সামর্থ্যের দিক থেকে মাথা তুলে দাঁড়াক। কিন্তু আমাদের দায়িত্বই হলো বড় দেশগুলোর সঙ্গে ছোট দেশগুলোর এই ব্যবধান কমিয়ে আনা।" তিনি আরও যোগ করেন, "আমরা ফুটবলে সকলের জন্য সুযোগ ও অর্থায়নের নতুন রাস্তা তৈরি করতে চাই। গত ১০ বছর ধরে আমরা এই চেষ্টা করে এসেছি এবং আগামীতেও এই নীতিতে অটল থাকব।"

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ঘোষণা

ফুটবলকে সার্বজনীন করার প্রতিশ্রুতি তুলে ধরে ফিফা প্রধান একটি বড় ঘোষণা দিয়ে জানান, চলতি বছরই প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা, যেখানে সংস্থাটির ২১১টি সদস্য দেশই অংশ নেওয়ার সুযোগ পাবে। চার হাজারের বেশি তরুণ ফুটবলারদের নিয়ে এই আসরকে ফুটবলের এক নতুন উৎসব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের।

উল্লেখ্য, কনকাকাফের সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি ইনফান্তিনোকে অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে যোগ না দেওয়ার অনুরোধ করা সত্ত্বেও সেখানে উপস্থিত হন ফিফা সভাপতি। সেখানে তিনি জোর দিয়ে বলেন, সংবাদমাধ্যমে যতই নেতিবাচক গুঞ্জন চলুক না কেন, ফিফা সবসময় স্পষ্ট ও স্বচ্ছ মনোভাব নিয়ে সকল প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত।