নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সঙ্গে আশেপাশের উপজেলার যোগাযোগব্যবস্থা আরও উন্নত ও সহজ করতে গ্রামীণ সড়কের একটি সমন্বিত কোর রোড নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে।
এ মাস্টারপ্ল্যানের আওতায় কোন সড়কগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা প্রয়োজন, কোন সড়কের সঙ্গে কোন সড়কের সংযোগ স্থাপন করা হলে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যোগাযোগ আরও সহজ হবে এবং বিদ্যমান সড়ক নেটওয়ার্কের তথ্য যাচাই এসব বিষয়ে আলোচনা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আড়াইহাজারে ‘গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণ’ বিষয়ক কর্মশালায় এসব বিষয় তুলে ধরা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), আড়াইহাজারের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান।
কর্মশালায় আলোচক হিসেবে জিআইএস অ্যানালিস্ট ধরনী চাকমা জিআইএসভিত্তিক সড়ক নেটওয়ার্ক ও মাস্টারপ্ল্যানের বিভিন্ন দিক তুলে ধরেন। সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম।
গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করছে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড। পুরো উদ্যোগটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।