স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন

লালমনিরহাটে স্কুলছাত্রী সৎ মেয়েকে ধর্ষণের দায়ে আরিফুল ইসলাম লেলিন (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

​সোমবার (২৪ আগস্ট) দুপুরে লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) নিত্যানন্দ সরকার এই রায় ঘোষণা করেন।

​দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম লেলিন রংপুর কোতোয়ালি থানার খটখটিয়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ বানিয়াপাড়া এলাকায় দ্বিতীয় স্ত্রীর বাড়িতে বসবাস করতেন।

মামলা ও এজাহারে বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান বলেন, পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ বানিয়াপাড়া এলাকায় দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন এক বিধবা নারী। ২০১৫ সালে আরিফুল ইসলাম লেলিনের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। সেই সুবাদে লেলিন ওই বাড়িতে যাতায়াত করতেন। এর একপর্যায়ে ঘর ফাঁকা থাকার সুযোগে তিনি তার ৮ম শ্রেণি পড়ুয়া (১৪ বছর বয়সী) সৎ মেয়েকে ধর্ষণ করেন।

​সর্বশেষ ২০১৯ সালের ২৬ জুলাই ছোট বোনকে নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় লেলিন ওই স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ছোট বোনের সামনেই পুনরায় ধর্ষণ করেন। পরবর্তীতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের সবার কাছে প্রকাশ পায়।

​এ ঘটনায় ২০১৯ সালের ৮ আগস্ট ভুক্তভোগী স্কুলছাত্রী নিজেই বাদী হয়ে পাটগ্রাম থানায় সৎ বাবা আরিফুল ইসলাম লেলিনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

​দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত আজ এই রায় প্রদান করেন। রায়ে উল্লেখ করা হয়, জরিমানার এক লাখ টাকা ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে। আপিল নিষ্পত্তির সময়সীমা পার হওয়ার পর আসামির বর্তমান বা ভবিষ্যৎ সম্পত্তি থেকে এই অর্থ আদায় করা যাবে।

​রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।