ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০টি নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা জালের মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২০০ মিটার। এসব জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।
সোমবার (২৪ আগস্ট) উপজেলার সোহাগী ইউনিয়নের কাঁচামাটিয়া নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান ও ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কাঁচামাটিয়া নদীতে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল দিয়ে মাছ শিকারের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে ২০টি চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২০০ মিটার এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩০ হাজার টাকা। পরে জালগুলো ঘটনাস্থলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান বলেন, চায়না দোয়ারী জাল দিয়ে মাছ ধরলে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও ছোট মাছের পোনা নির্বিচারে ধরা পড়ে। এতে নদীর স্বাভাবিক মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার করে নদীতে মাছ ধরার সুযোগ দেওয়া হবে না। মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।