চার ক্যাটাগরির সাড়ে ৩ লাখ টনের অধিক সার ও দুই কার্গো এলএনজি আমদানিসহ ১২টি ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।’ গতকাল সোমবার সচিবালয়ে ক্রয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুটি প্রস্তাবের বিপরীতে সৌদি আরব (প্রতি টন ৩৮০ দশমিক ৮৩ ডলার দরে ৪০ হাজার টন) ও কাফকো (প্রতি টন ৩৫৯ দশমিক ৫০ ডলার দরে ৩০ হাজার টন) থেকে মোট ৭০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এতে মোট ব্যয় হবে ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা।
এ ছাড়া বৈঠকে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ১ হাজার ৩২৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে বিএডিসির মাধ্যমে তিনটি পৃথক প্রস্তাবে ১ লাখ ২০ হাজার টন ডিএপি সার (প্রতি টন ৮৯৪ ডলার দরে ৮০ হাজার টন ও ৮৯১ ডলার দরে ৪০ হাজার টন) আমদানি; ৫৪৬ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে তিনটি পৃথক প্রস্তাবে ১ লাখ ১৫ হাজার টন এমওপি সার (প্রতি টন ৩৮৩ দশমিক ৮০ ডলার দরে) আমদানি; এবং ৫০০ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে দুটি পৃথক প্রস্তাবে ৬০ হাজার টন টিএসপি সার (প্রতি টন ৬৭৮ ও ৬৬৮ ডলার দরে) আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে স্পট মার্কেট থেকে দুটি এলএনজি কার্গো আমদানির একটি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৫২৫ ডলার দরে একটি কার্গো কেনা হবে ‘পস্কো ইন্টারন্যাশনাল করপোরেশন’ থেকে এবং অপরটি প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ২৫ ডলার দরে কেনা হবে যুক্তরাজ্যের ‘টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ থেকে।
এ ছাড়া বৈঠকে ৪৬ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে বুড়িমারী স্থলবন্দরের কার্গো হ্যান্ডলিং কাজের ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব এবং ৪৮ কোটি টাকার ব্যয় বৃদ্ধির একটি ভ্যারিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।