ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আগামীকাল বুধবার (২৬ আগস্ট) এ উপলক্ষে ধর্মীয় এ অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মুসল্লিরা ইবাদত-বন্দেগি, সালাত, জিকিরসহ বিভিন্ন নফল ইবাদতে অংশ নেবেন। ধর্মীয় অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব।

নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সদস্য মোতায়েনের পাশাপাশি আগাম প্রস্তুতি হিসেবে স্কেলিটন ফোর্সও রাখা হয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতা ও নিরাপত্তা কমিটির সদস্যদেরও নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান ঘিরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলা, নাশকতা কিংবা অপতৎপরতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিতর্কিত, উসকানিমূলক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে—এমন কর্মকাণ্ডের ওপরও নজর রাখা হচ্ছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে এমন তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি শনাক্ত করতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

র‌্যাব দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম চোখে পড়লে তা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

জনসচেতনতা ও সবার আন্তরিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে র‌্যাব।