দেশীয় সংগীতাঙ্গনের সময়ের আলোচিত শিল্পী প্রীতম হাসানকে প্রায় সাত মাস ধরে দেখা যাচ্ছে না মঞ্চে। এই সময়ে তিনি ঘুরে বেড়িয়েছেন আমেরিকা ও অস্ট্রেলিয়ায়। তবে বিরতি ভেঙে আবার গানে গানে মঞ্চ মাতাবেন তিনি। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে গাইবেন তিনি। ‘মনসুন বিটস’ শিরোনামের উৎসবটি আয়োজন করছে এনভিরো ইভেন্টস।
মূলত বর্ষার আবহকে উদযাপনের জন্যই এই বিশেষ আয়োজন। এতে প্রীতম হাসান ছাড়াও থাকছে জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’, ‘অড সিগনেচার’ ও ‘রেনেসাঁ’। এছাড়া একক পরিবেশনায় আরো থাকবেন ডিজে শিমার ও শিবু। গান ছাড়াও বর্ষা উদযাপনের নানা অনুষঙ্গ থাকবে। আয়োজনটির টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাইতে। প্রতিটি টিকিটের মূল্য ৮০০ টাকা। ‘মনসুন বিটস’ উৎসবের খবরটি নিজের ফেসবুকেও জানিয়েছেন প্রীতম। ভক্তদের আহ্বান করেছেন টিকিট সংগ্রহের জন্য।