অজ্ঞান পার্টির খপ্পরে তিন দিনমজুর, অচেতন অবস্থায় উদ্ধার

ঢাকা থেকে বাসে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন তিন দিনমজুর। অচেতন অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি মহাসড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর রাতের দিকে বগুড়া শহরের তেলীপুকুর এলাকায় মহাসড়কের পাশে তাদের পড়ে থাকতে দেখেন টহল পুলিশ সদস্যরা। পরে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার পর তিনজনেরই জ্ঞান ফিরেছে বলেও পুলিশ সদস্যরা জানিয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মালিচাপড় গ্রামের মোস্তাকিম (৩০), আজিজুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার মালাধর গ্রামের সুজ্জল প্রধান (৪০)।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, তিনজনই ঢাকায় দিনমজুরের কাজ করতেন। কাজ শেষে বাসে করে তারা বাড়ি ফিরছিলেন। বাসের মধ্যেই অজ্ঞান পার্টির সদস্যরা তাদের অচেতন করে সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে নেয়। পরে বাসের হেলপার ও সুপারভাইজার তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি তেলীপুকুর এলাকায় মহাসড়কের পাশে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া বলেন, তিন দিনমজুর ঢাকায় কাজ করে উপার্জন করা টাকা হারিয়েছেন। ভোররাতে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনজনেরই জ্ঞান ফিরেছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।