ফের সাফারি পার্কে ফিরল ‘সম্রাট বাহাদুর’ ও ‘নিহারকলি’

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে ফের ফিরে আসলো ‘সম্রাট বাহাদুর’ ও ‘নিহারকলি’। এর আগে সাফারি পার্ক থেকে নিয়ে লালনপালনকারীদের জিম্মায় দেওয়া হয় হাতি দুটিকে। কিন্তু মাত্র ১২ দিন পর জটিলতা সৃষ্টি হলে ফের হাতি জোড়া সম্রাট বাহাদুর আর নিহারকলিকে সাফারি পার্কে ফিরিয়ে আনার নির্দেশ আসে।

লালনপালনকারীদের জিম্মায় থাকাকালে জিম্মাকারীরা শর্ত ভঙ্গ করায় তাদের আবারও সাফারি পার্কে ফিরিয়ে আনা হয়। এর আগের লালনপালনকারীদের জিম্মায় দেওয়া হয় হাতি দুটিকে। তবে কদিন যেতে না যেতেই লালনপালনকারীদের শর্ত ভঙ্গ করেন। তাই হাতি দুটির নিরাপত্তা আর স্বাস্থ্যের কথা বিবেচনা করে ফিরিয়ে আনা হয়েছে সাফারি পার্কে। হাতি দুটি উদ্ধারের নির্দেশ দেন মন্ত্রী।

এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে কর্মকর্তারা অভিযান চালিয়ে হাতি দুটিকে উদ্ধার করে সাফারি পার্কে নিয়ে আসেন। 

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে খোলা ট্রাকে করে গাজীপুর সাফারি পার্কের আনা হয় হাতি (সম্রাট বাহাদুর আর নিহারকলি) দুটিকে। পরে পার্কে রেখে হাতি দুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সাফারি পার্কের ডা. হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন হাতি দুটির স্বাস্থ্য পরীক্ষা করেন। এর পর তাদের আলাদা বেষ্টনীতে রাখা হবে।

পার্ক কর্তৃপক্ষ জানান, হাতি দুটির নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন মন্ত্রী। সেই নির্দেশনার ভিত্তিতেই সোমবার অভিযান চালিয়ে হাতি ‘নিহারকলিকে’ মৌলভীবাজারের কমলগঞ্জ এবং হাতি ‘সম্রাট বাহাদুরকে’ জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগান সংলগ্ন এলাকা থেকে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। পরে তাদের খোলা ট্রাকে করে গাজীপুর সাফারি পার্কে আনা হয়। আনার পর স্বাস্থ্য পরীক্ষা করে খাবার দেওয়া হয়।   সন্ধ্যার আলোতে ‘নিহারকলি’, ছবি: প্রতিনিধি

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) তারেক রহমান বলেন, হাতি দুটিকে আনার পর বন বিভাগের নির্দেশনা অনুযায়ী সেগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর পর এদের গোসল করিয়ে নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে। এদের যত্ন বাড়ানো হয়েছে। আশা করি হাতিগুলা এখানে বেশ আরামে ও নিরাপদে থাকবে।
 
গাজীপুর সাফারি পার্কের প্রকল্প পরিচালক (ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা) ইকবাল হোসাইন চৌধুরী জানান উদ্ধার করে হাতি দুটিকে (‘সম্রাট বাহাদুর’ ও ‘নিহারকলি’) আজ সাফারি পার্কে আনা হয়েছে। খোলা ট্রাকে করে এনে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে তাদের পার্কের নির্দিষ্ট নিরাপদ জায়গায় রাখা হয়েছে। এখন থেকে এগুলো এ সাফারি পার্কেই থাকবে।