মাদারীপুরের রাজৈরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মায়া আক্তার যুথি ওরফে জ্যোতি (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে রাজৈর উপজেলার সানেরপাড় এলাকার মেসার্স এস আর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় মায়া আক্তার যুথি ওরফে জ্যোতির দখল থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার মায়া আক্তার যুথি ওরফে জ্যোতি বরিশাল নগরীর কোতোয়ালি থানার রসুলপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযান অব্যাহত থাকবে।’
পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।