গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে তারা মাদ্রাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো— গোপালগঞ্জ সদর উপজেলার মাটলা গ্রামের নূর মো. সমাদ্দারের ছেলে ইমাম সমাদ্দার (১৩) এবং একই উপজেলার সোনাকুড় গ্রামের তামিম (১৮)। নিখোঁজের সময় তারা পাঞ্জাবি ও পায়জামা পরা ছিল।
গোবরা মাদ্রাসার শিক্ষা সচিব মো. সাইদুর রহমান জানান, সোমবার দুপুরের দিকে ওই দুই শিক্ষার্থী কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। পরে তারা মাদ্রাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।
মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা মাদ্রাসায় যোগাযোগ করেন। তারা জানান, দুই শিক্ষার্থী বাড়িতেও ফেরেনি। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের খোঁজ করার চেষ্টা শুরু করে।
নিখোঁজ ইমামের সহপাঠী মো. আবু সালেহ জানান, ইমাম প্রায়ই তাদের বলত, মাদ্রাসায় পড়তে তার ভালো লাগে না। সে বাড়িতে গিয়ে কাজ করতে চায়। সোমবার তামিম তাদের রুমে আসে। পরে ইমাম ও তামিম শহরে যাওয়ার কথা বলে ব্যাগ নিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়।
ইমামের খালাতো ভাই শরীফ রায়হান বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে ইমামের পরিবার জানতে পারে, ইমাম সোমবার দুপুরের পর মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে তাদের পরিবার বা মাদ্রাসা কর্তৃপক্ষ থানায় কোনো তথ্য জানায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।