প্রায় দুই বছর আগে বিলুপ্ত ঘোষিত চট্টগ্রাম মহানগর কমিটি ও এর আওতাধীন সব কমিটি পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে চট্টগ্রাম মহানগর এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের পূর্বে বিলুপ্ত কমিটি পুনর্বহাল করা হয়েছে। ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
কমিটি পুনর্বহালের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের পুনর্বহালকৃত কমিটির সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ ও শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। একই সঙ্গে মহানগরীর সব থানা ও ওয়ার্ড কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।
এর আগে ২০১৮ সালের ১ জুন মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর চার মাসের মাথায় ওই বছরের ৪ অক্টোবর ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পুনর্বহালের সিদ্ধান্ত হওয়ায় পুরোনো কমিটি পুনরায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।