রেকর্ড ভাঙল রোবট

চীনের বেইজিংয়ে আয়োজিত ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’-এ ১০০ মিটার দৌড়ে চমক দেখিয়েছে ‘তিয়ানগং আল্ট্রা’। মাত্র ৯ দশমিক ৩৯ সেকেন্ডে দৌড় শেষ করে রোবটটি পেছনে ফেলেছে উসাইন বোল্টের ৯ দশমিক ৫৮ সেকেন্ডের বিশ^রেকর্ড। রোবটটি তৈরি করেছে বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার।

 দৌড়ের শুরুতে পিছিয়ে থাকলেও শেষ দিকে গতি বাড়িয়ে স্মার্টফোন নির্মাতা অনারের তৈরি ‘লাইটনিং’কে হারায় তিয়ানগং। লাইটনিং সময় নেয় ৯ দশমিক ৪৭ সেকেন্ড। তবে গতি থামাতে গিয়ে দুই রোবটই ফিনিশিং লাইনের পর রাখা গদিতে আছড়ে পড়ে। তিয়ানগং হেলে পড়লে দর্শকদের মধ্যেও তৈরি হয় সাময়িক আতঙ্ক; লাইটনিংকে পরে স্ট্রেচারে সরিয়ে নিতে হয়। গত বছর একই প্রতিযোগিতায় তিয়ানগং ১০০ মিটার শেষ করেছিল ২১ দশমিক ৫০ সেকেন্ডে। অর্থাৎ এক বছরেই এর দৌড়ের সক্ষমতায় এসেছে বড় পরিবর্তন।

হিউম্যানয়েড রোবটকে গুরুত্বপূর্ণ ও কৌশলগত উদীয়মান শিল্প হিসেবে এগিয়ে নিচ্ছে চীন। এবারের প্রতিযোগিতায় ফুটবল, নাচ ও শিল্পকারখানার দক্ষতা প্রদর্শনসহ ৫১টি ইভেন্টে অংশ নিচ্ছে বিশ্বের ১৬টি দেশের ৬৬৬টি দল। হিউম্যানয়েড রোবটকে কৌশলগত শিল্প হিসেবে এগিয়ে নিচ্ছে চীন। উৎপাদন, লজিস্টিকস ও দৈনন্দিন কাজে রোবটের ব্যবহার বাড়াতে এআই ও হার্ডওয়্যার প্রযুক্তিতে জোর দিচ্ছে দেশটি।