২৪ দিনে প্রবাসী আয় ২৩৪ কোটি ডলার

আগস্ট মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে ২৩৪ কোটি (২.৩৪ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২.৭৫ থেকে ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৭২৩ কোটি থেকে ২৮ হাজার ৭৮২ কোটি টাকা

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। আগের বছরের (২০২৫) একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৭০ শতাংশ। গত ২০২৫ সালের আগস্ট মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় এসেছিল ১৯৬ কোটি ১০ লাখ  ডলার।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু (১ জুলাই) থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫১৯ কোটি ৮০ লাখ (৫.১৯৮ বিলিয়ন) ডলারের প্রবাসী আয় এসেছে। যা গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ২৪ আগস্ট) ছিল ৪৩৩ কোটি ৯০ (৪.৩৩৯ বিলিয়ন) ডলার।

সেই হিসাবে চলতি অর্থবছরের ২৪ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ে বছরভিত্তিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯.৮ শতাংশ।

প্রবাসী আয় ব্যবস্থাপনার সংঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের দর স্থিতিশীল থাকা এবং হুন্ডি প্রতিরোধে কড়াকড়ির কারণে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ ক্রমাগত বাড়ছে।