লন্ডনে গোপন বৈঠক আলভারেজের, চমকের অপেক্ষা

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের প্রিমিয়ার লিগে ফেরার গুঞ্জনে নতুন মোড় এসেছে। আর্সেনাল তাকে নেওয়ার জোর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাদের টপকে চেলসিতে যোগ দেওয়ার বেশ কাছাকাছি পৌঁছে গেছেন আতলেতিকো মাদ্রিদের এই তারকা।

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক নিকোলো স্কিরা জানান, গত বৃহস্পতিবার লন্ডনে আতলেতিকো মাদ্রিদের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছিল চেলসি কর্তৃপক্ষ। সেই বৈঠকেই আলভারেজকে দলে টানার সম্ভাব্য শর্তাবলী নিয়ে আলোচনা হয়। অন্যদিকে, চেলসির সেনেগালিজ স্ট্রাইকার নিকোলা জ্যাকসনকে দলে নিতে আতলেতিকোও প্রাথমিক আলোচনা শুরু করেছে।

ইউরোপীয় দলবদলের খবর প্রকাশ করা মাধ্যম টপস্কিলস স্পোর্টস ইউকে-এর মতে, চুক্তিটি চূড়ান্ত করতে চেলসির দুই মালিক টড বোয়েলি এবং বেহদাদ এগবালি সরাসরি স্পেনে গিয়েছেন আতলেতিকো কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য।

চলতি সপ্তাহেই চুক্তিটি সম্পন্ন হবে বলে আশাবাদী চেলসি ক্যাম্প। ইতিমধ্যেই আর্জেন্টাইন তারকা আলভারেজের সাথে ব্যক্তিগত শর্তাবলীতে সমঝোতায় পৌঁছেছে ব্লুজরা।

দাম কমাচ্ছে আতলেতিকো

আলভারেজের প্রাথমিক বাজারমূল্য ১৫০ মিলিয়ন ইউরো হাঁকিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। তবে চেলসির সাথে চুক্তি হলে তা ১২০ মিলিয়ন ইউরোতে নামিয়ে আনতে রাজি রয়েছে স্প্যানিশ ক্লাবটি। চেলসি বর্তমানে উভয় পক্ষের সুবিধাজনক পেমেন্ট স্ট্রাকচার নিয়ে কাজ করছে।

নতুন চ্যালেঞ্জের খোঁজে চলতি উইন্ডোতেই আতলেতিকো ছাড়তে রাজি আলভারেজ। আর্সেনাল ও বার্সেলোনা তাকে দলে নিতে আগ্রহী হলেও আতলেতিকো স্পষ্ট জানিয়ে দিয়েছে, লা লিগার প্রত্যক্ষ কোনো প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে তাকে বিক্রি করা হবে না।

বার্সেলোনা দৌড় থেকে ছিটকে যাওয়ায় আলভারেজকে দলে ভেড়ানোর পথ চেলসির জন্য উন্মুক্ত হয়ে পড়েছে। এখন ক্লাব দুটির মধ্যে চূড়ান্ত কাঠামো নির্ধারিত হলেই ব্লুজদের জার্সিতে দেখা যেতে পারে এই বিশ্বকাপজয়ী তারকাকে।