টানা ভারী বর্ষণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি। খানাখন্দ আর কাদাপানিতে ভরা রাস্তা দিয়ে যাতায়াতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষকে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কেয়াগড় পশ্চিম পাড়ার এ ভাঙা সড়কটির সংস্কার কাজ না হওয়ায় নিজ উদ্যোগে এগিয়ে এলেন বিশিষ্ট আইনজীবী নুরুল কবির রানা। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে সড়কটির সংস্কারকাজের প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়।
সরেজমিনে দেখা যায়, গ্রামের প্রায় কর্মক্ষম মানুষ অংশ নিয়েছেন সড়ক সংস্কারের কাজে। কেউ ঝুড়িতে বালু টানছেন, কেউ বালু বস্তায় ভরছেন আবার কেউ গর্ত ভরাট করছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতেই সেগুলো পানিতে প্রায় পুকুরে পরিণত হতো। ফলে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল চলাচলও হয়ে উঠেছিল ঝুঁকিপূর্ণ। অনেক সময় যানবাহন উল্টে যেতো।
অ্যাডভোকেট নুরুল কবির রানা বলেন, ‘দুর্গাপূজায় স্থানীয় মন্দির ও উপাসনালয়ে মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পূজার আগেই প্রাথমিক সংস্কারকাজ শেষ করার চেষ্টা চলছে। মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে আমি নিজ উদ্যোগে যতটুকু সম্ভব, সড়কটির সংস্কারকাজ শুরু করেছি। ধর্মীয় উৎসবসহ সবসময় এলাকার মানুষের ভোগান্তি কমানোই আমার লক্ষ্য।’
এলাকাবাসী জানান, তরুণ আইনজীবীর এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হতো। এখন অনেক ভালো লাগছে। অন্তত মানুষ হিসেবে আমাদের কষ্টটা কেউ বুঝেছে। এদিকে, স্থানীয় আইনজীবী এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।