ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পেসএক্সের মালিক ইলন মাস্ককে দেশটির অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অব ফ্রিডম’ প্রদান করেছেন। একই সময়ে ইউক্রেনীয় বাহিনীর যুদ্ধক্ষেত্রের যোগাযোগে ব্যবহৃত স্টারলিংক সেবার পরিধি আরও বাড়াতে চায় কিয়েভ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বুধবার (২৬ আগস্ট) প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রির মাধ্যমে মাস্ককে এ সম্মাননা দেওয়া হয়। ডিক্রিতে বলা হয়েছে, মানবজীবন ও স্বাধীনতা রক্ষায় অসামান্য ব্যক্তিগত অবদান এবং ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে ভূমিকার জন্য মাস্ককে ‘অর্ডার অব ফ্রিডম’ দেওয়া হয়েছে।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পরপরই ইউক্রেনের ওপর স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করেন মাস্ক। এরপর থেকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ অবলম্বন হয়ে উঠেছে স্টারলিংক। ড্রোন পরিচালনার ক্ষেত্রেও এ সেবা ব্যবহার করা হচ্ছে।
চলতি বছর ইউক্রেনে রাশিয়ার ব্যবহৃত হাজার হাজার ‘গ্রে-মার্কেট’ স্টারলিংক সংযোগ বন্ধ করে দিতে সম্মত হন মাস্ক। এতে রুশ বাহিনী সমস্যায় পড়ে বলে জানা যায়। ইউক্রেনের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভের অনুরোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। পরে জুলাইয়ে ফেদোরভকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
এখন রুশ ভূখণ্ডেও স্টারলিংক ব্যবহারের অনুমতি চেয়েছে ইউক্রেন। রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলার পরিধি বাড়ানোর অংশ হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণস্থলসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় এ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে কিয়েভ। এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনের শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে দাবি দেশটির।
জেলেনস্কি জানিয়েছেন, তাকে বলা হয়েছিল মাস্ক এ উদ্যোগের বিরোধিতা করছেন এবং এটিকে যুদ্ধের ‘বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে দেখছেন। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, সম্প্রতি তারা এ বিষয়ে “আরও উৎসাহব্যঞ্জক ভিন্ন ধরনের প্রতিক্রিয়া” পেতে শুরু করেছেন।
জেলেনস্কির মতে, রাশিয়ার ভূখণ্ডে স্টারলিংক ব্যবহারের সুযোগ পাওয়া গেলে যুদ্ধ দীর্ঘায়িত করতে রাশিয়া যেসব সক্ষমতার ওপর নির্ভর করছে, সেগুলোর কিছুটা দুর্বল করা সম্ভব হতে পারে।