কয়েকদিন সাবেক প্রেমিক টলিউড তারকা দেবকে খোলা চিঠি লিখেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। চলতি বছরেই মুক্তি পাচ্ছে এই জুটির 'দেশু ৭'। সিনেমার শুটিংয়ের শেষ দিনে লেখা শুভশ্রীর সেই খোলা চিঠির জবাব দিলেন দেব। আজ বুধবার সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনের জন্য খোলা চিঠির প্রতি ছত্রে উঠে এল তাদের দু'জনের মিষ্টি রসায়ন, বোঝাপড়ার কথা।
দেব তার আদরের শুভর জন্য লেখেন, 'দেশু ৭-এর অংশ হওয়ার জন্য ধন্যবাদ। আমি যখন এক লাফে প্রথমবার সিনেমা পরিচালনা করার সিদ্ধান্ত নিলাম, প্রচুর অনিশ্চয়তা ছিল। একটা সময় যখন আমায় দুর্গাপুজোর সময় ছবি মুক্তি দিতে দেওয়া হবে না বলা হচ্ছে তখন তুমি আমার পাশে দাঁড়ালে। দেশু ৭ ছবিকে হ্যাঁ বললে, তাও স্ক্রিপ্ট না দেখে, না পড়ে, টাইটেল না জেনে, এমনকী ছবিটা শেষ পর্যন্ত কী হবে সেটা না জেনেই। এই গোটা সফরে তোমাকে দেখা আমার কাছে খুবই স্পেশ্যাল ছিল, বিশেষ করে আমি যেখানে তোমায় এতদিন ধরে চিনি, জানি। কিন্তু এই ছবিটা আমায় বোঝাল তুমি কেবল অভিনেত্রী হিসেবে অনেকটা পরিণত হয়েছ যে সেটাই নয়, মানুষ হিসেবেও পরিণত। প্রফেশনাল এবং পার্সোনাল লাইফকে দুর্দান্ত ব্যালেন্স করতে জানো। আমি বাহবা জানাই সেটাকে। তোমাকে উন্নতি করতে, পরিণত হতে দেখে অনুপ্রাণিত হচ্ছি। এত কিছুর পরও তুমি কী দারুণ বিনয়ী।'
এই অভিনেতা আরও লেখেন, 'আমাদের দু'জনের সফর মোটামুটি একই সময় শুরু হয়েছিল, আর জীবনের এই অধ্যায় আমাদের আবারও একসঙ্গে আনল বলে আমি খুশি। এটা পরিচালক হিসেবে আমার প্রথম ছবি, এই ছবিটা আমায় অনেক কিছু দিয়েছে, অনেক অভিজ্ঞতা দিয়েছে, বিশেষ করে তোমাদের মতো মানুষের সঙ্গে কাজ করতে পারার, যাঁরা আমার ভাবনাকে বিশ্বাস করেছ নিজেরা সেটা পুরোপুরি জানার আগেই। ধন্যবাদ আমার পাশে থেকে বিশ্বাস করার জন্য, এই সফরের অংশ হওয়ার জন্য। দর্শকদের মধ্যে এত বছর পরও দেশু ৭ নিয়ে ভালোবাসা, উত্তেজনা তুঙ্গে রাখার জন্য ধন্যবাদ। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব আমায় বিশ্বাস করার জন্য, দেশু ৭ -এর ভাবনাকে বিশ্বাস করার জন্য। আগামীর জন্য অনেক শুভেচ্ছা রইল।'
শুভশ্রীর জন্য লেখা দেবের এই খোলা চিঠি দেখে মুগ্ধ তাদের অনুরাগীরা। ভালবাসায় ভরিয়েছেন কমেন্ট বক্স। জানিয়েছেন তাঁরা মুখিয়ে আছেন 'দেশু ৭' -এর জন্য।