বীর উত্তম সি আর দত্তের ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী পালন  

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ রাইফেলসের (পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ) প্রতিষ্ঠাতা মহাপরিচালক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এউপলক্ষে বুধবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকার পল্টন টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। 

আলোচনায় বক্তারা সি আর দত্তকে বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের ‘অন্যতম বাতিঘর’ হিসেবে অভিহিত করেন।

তারা বলেন, দেশপ্রেম, সততা, ন্যায়নিষ্ঠতা ও মানবিকতার উজ্জ্বলতম নিদর্শন হিসেবে জাতি চিরকাল তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আলোচকরা জেনারেল দত্তের স্মৃতিচারণ করে বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার ও ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই-এ শ্লোগানে গোটা জাতিকে সচেতন করে তুলতে তার অবদান অনস্বীকার্য।

নির্মল রোজারিওর সভাপতিত্বে ও সংগঠনের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার অংশ নেন ঐক্য পরিষদের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, জয়ন্তী রায়, ভিক্ষু সুনন্দপ্রিয়, সন্তোষ শর্মা, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, অ্যাডভোকেট তাপস কুমার পাল, শ্যামল রায়, রবীন্দ্রনাথ বসু, অপূর্ব ভট্টাচার্য, রজত সুর রাজু, মহানগর উত্তরে অতুল চন্দ্র মণ্ডল, মহানগর দক্ষিণের বাবুল দাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের শিমুল সাহা ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের উত্তম রায় প্রমুখ।