বিপিএলের সময় আফগান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে, দল ৫টা

এবার বিপিএল হবে না বলে জানিয়ে দিয়েছে বিসিবি। হলে বিপিএল হতো যে সময়ে, সেই সময়ে আফগানিস্তান তাদের প্রিমিয়ার লিগ আবার শুরু করবে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আফগানিস্তান প্রিমিয়ার লিগ আগামী ২৭ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে।

দুবাইয়ে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফি "কোহ-ই-জাফর" (বিজয়ের পর্বত) উন্মোচনের পাশাপাশি ৩টি ফ্র্যাঞ্চাইজির নাম ও স্বত্বাধিকারীদের পরিচয় প্রকাশ করা হয়েছে।

পূর্বপরিকল্পনা অনুযায়ী ৫টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও, আপাতত ৩টি দলের নাম নিশ্চিত করা হয়েছে। বাকি দুটি দল (পাকতিয়া ও নানগারহার) যুক্ত করার জন্য আলোচনা প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসিবি।

  • এক্সেল ইউনাইটেড কাবুল: রাজধানীর প্রতিনিধিত্বকারী দল হিসেবে পেশাদার ও দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে।
  • বালখ জোয়ানান: 'জোয়ানান' শব্দের অর্থ তরুণ; উত্তর আফগানিস্তানের অনাবিষ্কৃত তরুণ প্রতিভাদের মূলধারার ক্রিকেটে তুলে আনাই তাদের লক্ষ্য।
  • কান্দাহার ওয়ারিয়র্স : দক্ষিণাঞ্চলের অনুরাগী সমর্থকদের জন্য মাঠের লড়াইয়ে আগ্রাসী ও ভয়ডরহীন ক্রিকেট খেলার অঙ্গীকার প্রকাশ করেছে।

প্লেয়ার্ড ড্রাফট কবে 

কার্যক্রম তারিখ
খেলোয়াড়দের অনলাইন নিবন্ধন শুরু ৩০ আগস্ট
প্লেয়ার ড্রাফট ২৭ সেপ্টেম্বর
টুর্নামেন্ট শুরু ২৭ ডিসেম্বর
সম্ভাব্য ভেন্যু  আরব আমিরাত 

 

ট্রফি উন্মোচনকালে এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেন:

"আজ আফগান ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক দিন। 'কোহ-ই-জাফর' ট্রফিটি কেবল একটি টুর্নামেন্টের নয়, এটি আমাদের দীর্ঘমেয়াদী বিজয়ের প্রতীক। এই লিগের মাধ্যমে দেশের উদীয়মান তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছানোর সরাসরি সুযোগ পাবে।"

উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবার এপিএল আয়োজিত হয়েছিল। সে সময় ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও শাহিদ আফ্রিদির মতো বিশ্বসেরা তারকারা এতে অংশ নিলেও পরবর্তীতে আর্থিক জটিলতা ও অব্যবস্থাপনার কারণে লিগটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৮ বছর পর সেই প্রতিবন্ধকতা দূর করে ফের আন্তর্জাতিক পরিসরে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। তবে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা স্পাগিজা ক্রিকেট লিগ নিয়মিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।