আসন্ন অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে ফিফার টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসছে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা। ইউরোপীয় সংস্থার নির্ধারিত দুটি শর্ত পূরণ হওয়ায় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইমস।
বৃহস্পতিবার মোনাকোতে উয়েফার নির্বাহী কমিটি ও সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সভাপতিদের বৈঠকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
কেন বর্জন ডেকেছিল উয়েফা?
গত ৩০ জুলাই ফিফা 'ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ' নামের একটি প্রস্তাব প্রকাশ করে। এতে বিশ্বকাপের ২০ শতাংশ বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে প্রায় ৪২০ কোটি (৪.২ বিলিয়ন) ডলারে বিক্রি করার পরিকল্পনা ছিল।
এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে উয়েফার ৫৫টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে ফিফার আয়োজিত যেকোনো প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রস্তাবটি প্রত্যাহার করে নেন এবং নিজের ভুলের জন্য ক্ষমা চান।
বর্জন প্রত্যাহারের পেছনে ২ প্রধান শর্ত
উয়েফা তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দুটি সুনির্দিষ্ট শর্ত দিয়েছিল, যা সম্প্রতি পূরণ হয়েছে:
১. বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব সম্পূর্ণ বাতিল করা: ফিফা জুলাইয়ের শেষেই এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয়।
২. ভবিষ্যতের আইনি নিশ্চয়তা প্রদান: ভবিষ্যতে কখনও ফুটবল টুর্নামেন্টের বিন্যাস বা গঠন বিকৃত করার মতো এ জাতীয় উদ্যোগ আর নেওয়া হবে না—ফিফা থেকে এমন নিশ্চয়তা পাওয়া গেছে।
খেলোয়াড়দের সুরক্ষায় সিদ্ধান্ত
সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট তাদের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে যে, ৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত পোল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ বিবেচনা করে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনূর্ধ্ব-২০ স্তরের তরুণ নারী ফুটবলাররা যাতে কোনো রাজনৈতিক সংকটের শিকার না হন, তাই বর্জন তুলে নেওয়া হচ্ছে।
টুর্নামেন্টটিতে ইউরোপ থেকে স্বাগতিক পোল্যান্ডসহ ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, ইতালি ও পর্তুগাল অংশ নিচ্ছে।
মূল সংঘাত এখনও অমিমাংসিত
বর্জন তুলে নেওয়া হলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর উয়েফার রাজনৈতিক চাপ অব্যাহত থাকছে। ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে উয়েফার মার্কিন আইনজীবীরা ফিফাকে আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়ে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছেন।
২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০২৬ সালের ১৮ নভেম্বরের মধ্যে সভাপতি পদের প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।