কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস: রিজভী

কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির একটি উৎস বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে শ্রদ্ধা নিবেদনের পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, নজরুলই ছিল মূল অনুপ্রেরণা। আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়।

যে কোনো অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন, যে কোনো আন্দোলন-সংগ্রামে প্রধান অনুপ্রেরণাও নজরুল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে কাজী নজরুল ইসলাম আমাদের শক্তির উৎস। আমি এবং আমার দল আজকে তার ৫০ তম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করছি।

রিজভী বলেন, বাংলাদেশের কাজী নজরুলের মতো মহীরুহ প্রতিভার সম্পর্কে যে চর্চা দরকার, যে অনুশীলন দরকার সেটি আবার শুরু হয়েছে। নজরুল আমাদের প্রেরণা। 

কাজী নজরুলের লেখনি, তার সাহিত্যকর্ম এবং তার বাণী বুকে নিয়ে আমরা পথ চলি, নজরুল আমাদেরকে নির্ভয় করে, আমাদেরকে সামনে যেতে নির্ভিক করে।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুল ইসলামের সমাধিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী।

এই সময়ে তার সাথে ছিলেন, বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী সমাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ জাসাসের নেতা-কর্মীরা।