বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছর পাশের হার ৬৩.৭৪%। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উপাচার্য কার্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
ফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং পরীক্ষা কমিটির সভাপতি অনন্যা লাবণীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফলাফল অনুযায়ী, সারাদেশে মোট ৪১৮টি স্টাডি সেন্টার ও ১৭০টি পরীক্ষা কেন্দ্রে ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিলেন। এর মধ্যে ১০ হাজার ৮০৮ জন ছাত্র এবং ২০ হাজার ৮ জন ছাত্রী। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১২ হাজার ২৪ জন। উত্তীর্ণ হন ৭ হাজার ৬৬৪ জন। সার্বিক পাশের হার ৬৩.৭৪ শতাংশ।
উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৪ হাজার ৭২৫ জন (পাশের হার ৬১.২২%) এবং ছাত্রী ২ হাজার ৯৩৯ জন (পাশের হার ৬৮.২৫%)। এর আগে পরীক্ষা শুরু হয় গত ২৪ এপ্রিল। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ৫ জুন এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ১২ জুন ২০২৬। ফলাফল প্রস্তুত করতে মোট ৪৯ কার্যদিবস সময় লেগেছে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসনে জীবনের অনেকটা সময় সংগ্রাম করে একাডেমিক পাঠ নিতে আসেন। তাদের সেবায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ সচেষ্ট রয়েছে। শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষাসহ সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার পাশাপাশি যেকোনো ধরনের অনৈতিকতা ও অব্যবস্থাপনা রহিত করা হয়েছে।