কার্টুন দেখানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২

নওগাঁর রাণীনগরে মোবাইল ফোনে কার্টুন ভিডিও দেখিয়ে ৬ বছর বসয়ী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাদের দুইজনকে আদালতে পাঠানো করা হয়। এ ঘটনায় বুধবার (২৬ আগস্ট) রাতে শিশুটির মা বাদী হয়ে রাণীনগর থানায় ধর্ষণ মামলা করেন। মামলার প্রেক্ষিতে রাণীনগর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক (১৫) ও সিদ্দিকের ছেলে মারুফ (১৬)। বুধবার বিকেলে ধর্ষণের শিকার হন ওই শিশু। শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার এজাহারে জানা গেছে, ওই শিশু বুধবার বিকেল ৪টার দিকে কিশোর মারুফের বাড়িতে খেলাধুলা করতে যায়। এ সময় ওই বাড়িতে কিশোর ইসতিয়াক ও মারুফ অবস্থান করছিল। এমতাবস্থায় ইসতিয়াক শিশুটিকে মোবাইল ফোনে কার্টুন ভিডিও দেখায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোর ইসতিয়াক শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করতে লাগলে ইসতিয়াক শিশুটির মুখ চেপে ধরে রাখে এবং কিশোর মারুফ ওই শিশুটিকে ধর্ষণ করে।

শিশুটির মা জানান, সুষ্ঠু বিচার পেতে আইনের আশ্রয় নিয়েছি। ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে কিশোর ইসতিয়াক ও মারুফকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।