ভারতের বিপক্ষে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে চলমান দ্বিতীয় টেস্টে এক অনন্য কীর্তি গড়েছেন শ্রীলঙ্কার তরুণ ব্যাটার সোনাল দিনুশা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন এই বাহাতি ব্যাটার। দিনুশা এই কীর্তি গড়লেন শ্রীলঙ্কার ফলোঅন করা ইনিংসে অসাধারণ দৃঢ়তাপূর্ণ ব্যাটিংঙে।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে জোড়া সেঞ্চুরির এটি ১০১তম ঘটনা। আর দিনুশা এই কীর্ত গড়া ৮৩তম ব্যাটসম্যান। লঙ্কান ক্রিকেটারদের মধ্যে তিনি ৮ম ব্যাটার যিনি এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার নজির স্থাপন করলেন। এর আগে শ্রীলঙ্কার হয়ে দুলিপ মেন্ডিস, অশাংকা গুরুসিনহা, অরবিন্দ ডি সিলভা (২ বার), তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, ধনঞ্জয় ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস এই কৃতিত্ব দেখিয়েছেন।
দুই ম্যাচের এই সিরিজে সোনাল দিনুশার ব্যাট থেকে রানের পর রান হচ্ছে। গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬৮ বলে ১০০ রান করে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট থেকে আসে ৮৪ রান।
চলমান সিরিজে দিনুশার চার ইনিংসের রান যথাক্রমে: ১০০, ৮৪, ১০৩ এবং ১৩৩*। টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে নিজের প্রথম চার ইনিংসে টানা ৮০ বা তার বেশি রান করা ৩য় ব্যাটার সোনাল দিনুশা। তার আগে এই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এভারটন উইকস এবং পাকিস্তানের জহির আব্বাস।
আর ভারতের বিরুদ্ধে নিজের প্রথম চার ইনিংসে টানা ৫০ বা তার বেশি রান করার তালিকায় দিনুশা বিশ্বের মাত্র ৫ নম্বর ব্যাটার। তাঁর আগে এই বিরল রেকর্ড অর্জন করেছিলেন ডগলাস জারডিন, এভারটন উইকস, ক্লাইভ ওয়ালকট এবং কেন বারিংটন।
তার এই ব্যাটিং দেখে ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লা তাকে কিংবদন্তী শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করেছেন।