আসন্ন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ভারত অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিয়েছেন দেশটির দুই কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগের দুই সন্তান অন্বয় এবং আর্যবীর। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এই ওয়ানডে সিরিজটি শুরু হতে যাচ্ছে।
১৮ বছর বয়সী আর্যবীরের জন্য এটিই জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে প্রথম ডাক পাওয়া। বর্তমানে তিনি দিল্লি প্রিমিয়ার লিগে খেলছেন। অন্যদিকে ভারতের সাবেক অধিনায়ক ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ১৭ বছর বয়সী ছোট ছেলে অন্বয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে স্কোয়াডে নিজের অবস্থান ধরে রেখেছেন। গত মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারত অনূর্ধ্ব-১৯ দলেরও অংশ ছিলেন তিনি। ওই সফরে খেলা দুটি অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে এই উইকেটকিপার-ব্যাটার যথাক্রমে ১৪ ও ৮৭ রানের দুটি ইনিংস খেলেছিলেন।
অন্বয় এবং আর্যবীর দুজনকে কেবল ওয়ানডে ফরম্যাটের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনটি ওয়ানডে ম্যাচ এবং প্রথম চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজকোটে। অন্যদিকে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি।
ভারত অনূর্ধ্ব-১৯ স্কোয়াড
একদিনের স্কোয়াড: লক্ষ্য রাইচান্দানি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল (উইকেটকিপার), আর্যবীর সেহওয়াগ, ভি.কে. বিনীত, কুশাগ্ৰ ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অন্বয় দ্রাবিড় (উইকেটকিপার), ভি. যশবীর, রোহিত যাদব, শ্যাভিন বিনোদ, মোহিত উলভা, চিগুরুপতি ভেঙ্কট, কাব্য প্যাটেল।
মাল্টি-ডে স্কোয়াড: যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রাইচান্দানি (সহ-অধিনায়ক), সাগর ভির্ক, কুশাগ্ৰ ওঝা, মানাল চৌহান, কুশ প্যাটেল, মানব কৃষ্ণা (উইকেটকিপার), অভিপ্রায় বিশ্বাস (উইকেটকিপার), রোহিত যাদব, ইশান ওম, আয়ান আকরাম, প্রণব রাঘবেন্দ্র, প্রিয়ংশু সিং, মোহিত উলভা, আরিয়ান যাদব।