সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

ভারী বৃষ্টি, বজ্রঝড়, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কায় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে দেশটির কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। খবর গালফ নিউজের। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট)  প্রকাশিত দৈনিক আবহাওয়া পূর্বাভাসে এনসিএম জানায়, জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এতে আকস্মিক বন্যার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও প্রবল বাতাসও হতে পারে, যা ধুলা ও বালুঝড়ের সৃষ্টি করতে পারে।

মক্কা অঞ্চলের তাইফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে মদিনা অঞ্চলের আল আইস, আল মাহদ, বদর ও আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। মক্কার রাবিঘ, জেদ্দা, আল খুরমাহ ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি এবং ধুলাবাতাসের সম্ভাবনায় ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে।

এনসিএম আরও জানিয়েছে, উত্তর সীমান্তবর্তী অঞ্চল ও জাজানের কিছু অংশে এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলের দক্ষিণাঞ্চলে সক্রিয় বাতাসসহ বৃষ্টিবাহী বজ্রমেঘ তৈরি হতে পারে।

এদিকে পূর্ব সৌদি আরবের উপকূলীয় এলাকায় রাত ও ভোরের দিকে কুয়াশা পড়তে পারে। এতে কোনো কোনো স্থানে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দেশজুড়ে আবহাওয়ার এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও অধিকাংশ এলাকায় তাপমাত্রা বেশ চড়া থাকবে। পূর্বাভাস অনুযায়ী, মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। এরপর দাম্মামে ৪৬ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হতে পারে।