অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী নাহিদ সুলতানা এবং তানজীন ওহাব বৃষ্টিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (পর্যবেক্ষণ ও বিচারণ) এবং অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমান তাঁদের বিদেশে গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন জানান।
দুদকের আবেদনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তার নিজ নামে এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। ওই অভিযোগের বিষয়ে বর্তমানে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান কার্যক্রম চলছে।
অভিযুক্ত ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তদের বিদেশ গমন রদ করা প্রয়োজন।