রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে হত্যা মামলায় রিমান্ডে থাকা মিতু আক্তার নামে এক নারী আসামি পালিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি চার দিনের পুলিশি রিমান্ডে ছিলেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ডিউটিতে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল ডিএমপির ডেমরা জোনের এডিসি মহসিন মাসুদ জানান থানা বিষয়টি নিশ্চিত করেছেন।
মহসিন মাসুদ জানান, রিমান্ড শেষে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে সকালে পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছেন আসামি মিতু আক্তার। তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চলছে।
থানা সূত্রে জানা যায়, মিতু আক্তার যাত্রাবাড়ী এলাকার হাজী সোহেল হত্যা মামলার আসামি। থানায় রিমান্ডে ছিলেন। গতকাল সকালে কৌশলে গেটের তালা খুলে পালিয়ে যান তিনি।