দুল নিয়ে পালানোর চেষ্টা ছিনতাইকারী আটক

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় সেলিম নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে বমি করিয়ে তার পেট থেকে ছিনতাই করা স্বর্ণের দুল উদ্ধার করা হয়। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

ট্রাফিক সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনের সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা এক নারীর চিৎকার শুনতে পান। পরে তার দিকে তাকিয়ে দেখেন এক ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন। ট্রাফিক পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। আটকের পর সেলিমকে তল্লাশি করেও তার কাছে স্বর্ণের কানের দুল পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে তিনি দুলটি গিলে ফেলার কথা জানান। এরপর বমি করানোর মাধ্যমে তার পেট থেকে স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়। আটক সেলিম ও ভুক্তভোগী নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে।