পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এ দিনটি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। গত বুধবার দিবসটি উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও সড়ক জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং ‘কালিমা তায়্যিবা’ লেখা ব্যানারে সজ্জিত করা হয়।

দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াজ মাহফিল, সেমিনার ও টকশো প্রচারের পাশাপাশি কিরাত, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আরবি ভাষায় খুতবা লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামিক বইমেলার আয়োজন করা হয়েছে।

এদিন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, অন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসকের কার্যালয়, ঢাকা ও জেদ্দা হজ অফিস এবং অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনাসহ ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, কবিতা পাঠ, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও ভ্রাতৃত্বের শিক্ষা তুলে ধরা হয়েছে। তার আদর্শ অনুসরণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

এদিকে ১২ই রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভাগমন ও ওফাত দিবস উপলক্ষে ঢাকা ফার্মগেট কুতুববাগ দরবার শরীফে দুদিনব্যাপী পালিত হয়েছে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। গত মঙ্গলবার বাদ মাগরিব থেকে রাসুল (সা.) এর জীবনাদর্শ ও উম্মতে মোহাম্মদীর করণীয় সম্পর্কে বিরতিহীনভাবে বয়ানের মাধ্যমে তুলে ধরেন কুতুববাগ দরবার শরীফের প্রখ্যাত আলেম-ওলামারা। গত বুধবার বাদ জোহর দরবার শরীফের পীর ও মুর্শেদ শাহসুফি আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ জাকির শাহ নকশিবন্দি মোজাদ্দেদী কুতুববাগী আখেরি নবীর জীবনাদর্শের ওপর আলোচনা পেশ করেন।