১২৯ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ফের পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার ধার্য দিনে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এ নিয়ে আলোচিত এ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন ১২৯ বারের মতো পেছাল।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি রাজধানীর ভাড়া বাসায় খুনের শিকার হন। নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই) । চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হলে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্ত ভার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) কাছে হস্তান্তর করা হয়।

সাগর-রুনি হত্যা মামলায় বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তদন্তের জন্য একটি টাস্কফোর্স গঠনের আদেশ দেয় হাইকোর্ট। এরপর মামলাটিতে তদন্তের দায়িত্ব পায় পিবিআই। গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্সকে সাগর-রুনি হত্যা মামলা তদন্ত শেষ করতে তৃতীয় দফায় ছয় মাস সময় দেয়।