রাজধানীর উত্তরা এলাকায় একটি ডেভেলপারস কোম্পানির হিসাব রক্ষকের কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরে সোনারগাঁও জনপথ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা যায়, নূর নাফি ডেভেলপারস লিমিটেড কোম্পানির সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন ১১ নম্বর সেক্টরে অফিস থেকে রিকশায় করে জনতা ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর এক ব্যক্তি রিকশা থামানোর জন্য সংকেত দেয়। রিকশা থামানোর পর আরও ৩ জন আসে। এরপর একজন পিস্তল ঠেকিয়ে নিজেকে ‘পিস্তল বাবু’ পরিচয় দিয়ে সঙ্গে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ডেভেলপারস কোম্পানির এমডি মনির হোসেন বলেন, সুজন অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি দিতে উত্তরা ৬ নম্বর সেক্টরে জনতা ব্যাংকে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।