আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক হিসেবে নিয়োগ পেলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। পরে এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা। এ নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ বিচারকের সংখ্যা এখন পাঁচজন।

আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারক মো. হাবিবুল গনিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথগ্রহণের তারিখ হতে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতি হাবিবুল গনি রবিবার শপথ নেবেন। ওই দিন সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাকে শপথপাঠ করাবেন।