ইন্টার মায়ামির ডাগআউটে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। সাম্প্রতিক সময়ে টানা হতাশাজনক পারফরম্যান্স আর খাদের কিনারায় থাকা দলটিকে ঘুরে দাঁড় করাতে বড় পদক্ষেপ নিল এমএলএস-র এই ফ্র্যাঞ্চাইজি। জাভি মাশচেরানো গত এপ্রিলে পদত্যাগ করার পর থেকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করা গিলের্মো হোয়োসকে সরিয়ে ক্লাবের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আরেক আর্জেন্টিনার সাবেক তারকা ক্রিস্টিয়ান 'কিলি' গঞ্জালেজকে।
খেলোয়াড়ি জীবনে লিওনেল মেসির সঙ্গে জাতীয় দলের ড্রেসিংরুম ভাগাভাগি করা এই কোচকে ঘিরেই এখন প্লে-অফের স্বপ্ন দেখছে মায়ামি শিবির।
চলতি মৌসুমে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোকে দলে ভিড়িয়ে স্কোয়াড শক্তিশালী করলেও মাঠের ফলাফলে তার প্রতিফলন পড়েনি। ডিফেন্ডিং এমএলএস কাপ চ্যাম্পিয়নরা তাদের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরে বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে রয়েছে, শীর্ষ দল ন্যাশভিলের চেয়ে তারা ১০ পয়েন্টে পিছিয়ে আছে। এই বাজে ফর্ম থেকে দলকে বের করে আনতেই দ্রুত কোচ বদলের সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।
ইন্টার মায়ামি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘ইন্টার মায়ামি এফসি আজ ঘোষণা করছে যে ক্লাবটি দলের নতুন ফার্স্ট টিম হেড কোচ হিসেবে ক্রিস্টিয়ান আলবার্তো 'কিলি' গঞ্জালেজের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে।’ বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে নিজের দায়িত্ব বুঝে নেবেন গঞ্জালেজ। এর আগপর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে গিলের্মো হোয়োসই দলের দায়িত্বে বহাল থাকবেন।’
খেলোয়াড়ি জীবনে ইন্টার মিলান, ভ্যালেন্সিয়া এবং রোজারিও সেন্ট্রালের মতো ক্লাবে আলো ছড়ানো ৫২ বছর বয়সি এই কোচ ২০২০ সাল থেকে আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে কোচিং করাচ্ছেন। সেখানে এবার নতুন এই চ্যালেঞ্জে পুরোনো বন্ধু মেসিদের ডাগআউট সামলানো। মাঠের ফুটবলে নিজের সেরাটা বের করে আনতে এখন নতুন এই জুটির দিকেই তাকিয়ে পুরো ফ্লোরিডার ক্লাবটি।
মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হোয়াস
নির্ধারিত সময়ে ম্যাচ শুরু না করার বারবার অনিয়ম করায় মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ বড় শাস্তির মুখে ফেলেছে ইন্টার মায়ামির এই মুহূর্তের কোচ গিলের্মো হোয়োসকে। এমএলএস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ম্যাচের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ উভয় ক্ষেত্রেই নির্ধারিত সময়ে দলগুলোকে মাঠে প্রস্তুত থাকার নিয়ম রয়েছে। এই নীতির বারবার ব্যত্যয় ঘটলে ক্লাব এবং প্রধান কোচদের বিরুদ্ধে ক্রমবর্ধমান জরিমানা এবং ম্যাচ নিষেধাজ্ঞার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।’
এই নিয়মের আওতায় ৬৩ বছর বয়সী এই কোচকে এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং অপ্রকাশিত জরিমানা করা হয়েছে। আগামী শনিবার মন্ট্রিলের বিপক্ষে দলের পরবর্তী ম্যাচে ডাগআউটের বাইরে থেকে এই নিষেধাজ্ঞা ভোগ করবেন তিনি।