ট্রাম্প ইরানের সঙ্গে আগের চুক্তির শর্তে ফিরতে আগ্রহী নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড—এমন খবরের মধ্যেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। শুক্রবার (২৮ আগস্ট) তেলের দাম কিছুটা কমে তিন সপ্তাহের মধ্যে প্রথম সাপ্তাহিক দরপতনের পথে ছিল। চলতি সপ্তাহে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে। খবর দ্য ইকোনমিক টাইমস।
এর আগে বৃহস্পতিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে আগের একটি চুক্তির শর্ত পুনর্বহাল করতে আগ্রহী নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, জুনে করা সমঝোতা স্মারকটি পুনরুজ্জীবিত না করতে মধ্যস্থতাকারীদের বারবার জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের এই অবস্থান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা পুনরায় শুরুর কূটনৈতিক প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। এর এক দিন আগেই ওয়াশিংটন জানিয়েছিল, ইরানের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না। যদিও কয়েকটি দেশ দুই পক্ষকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
এদিকে বিশ্বের অন্যান্য অঞ্চলেই ভূরাজনৈতিক উত্তেজনা বেড়েছে। ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে ব্রিটিশ সরবরাহ করা দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর প্রতিক্রিয়ায় ইউক্রেনের ভেতরে ও বাইরে ব্রিটিশ সামরিক স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো।
তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো ন্যাটো সদস্যদেশে হামলা চালাবেন না। এ ছাড়া সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এ সপ্তাহে রুশ কর্মকর্তাদের এমন হামলার বিষয়ে সতর্ক করেছেন—গণমাধ্যমে প্রকাশিত এমন খবরও তিনি গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন। ব্রিটেন ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম।
এদিকে, বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন দীর্ঘস্থায়ী হলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে গোল্ডম্যান স্যাকস।
তবে ব্যাংকটির মূল পূর্বাভাস অনুযায়ী, শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে আসবে। গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার এবং আগামী বছর ৭৫ ডলার হতে পারে।
তবে ঝুঁকি এখনো ঊর্ধ্বমুখী বলে মনে করছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে হরমুজ প্রণালি ও লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন প্রত্যাশার চেয়ে দীর্ঘস্থায়ী হলে তেলের দামে আরও বড় ধরনের চাপ তৈরি হতে পারে।