তোবারক না পাওয়া শিক্ষার্থীদের ১০০ টাকা করে দিলেন চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে ১১শ জনকে তোবারক দেওয়ার পরেও অন্তত ৫০০ শিক্ষার্থী বঞ্চিত হন। তোবারক না পাওয়া শিক্ষার্থীদের ১০০ টাকা করে দিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ২৬ আগস্ট কেন্দ্রীয় জামে মসজিদে মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

এবিষয়ে উপাচার্য বলেন, প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। এমন গুরুত্বপূর্ণ আয়োজনে কেউ খালি হাতে ফিরে যাক যেটা আমি চাই না। তাই তোবারক না পাওয়া শিক্ষার্থীদের নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা এই ধরনের অনুষ্ঠানে আসতে আরও বেশি আগ্রহ পাবে বলে আশা করি।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রউফ বলেন, তোবারক শেষ হয়ে যাওয়ায় আমি বন্ধুদের সঙ্গে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। পরক্ষণেই মাইকে ঘোষণা করা হয় যে উপাচার্য তোবারক বঞ্চিত শিক্ষার্থীদের ১০০ টাকা করে দিবেন। আসলে টাকা বড় বিষয় নয়, এমন নজিরবিহীন ঘটনা আমি কখনও দেখিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। এছাড়া মাহফিলে চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরাসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।