আমরা যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে: তাসরিফ খান

ছুটি কাটাতে নেপালে গিয়ে বিপাকে পড়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। বন্যা ও পাহাড়ধসে ফেরার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই দিন ধরে দেশটির পর্যটন এলাকা ঘান্দ্রুকে আটকা রয়েছেন তিনি ও তার সফরসঙ্গীরা।

২০ আগস্ট অবসর কাটাতে নেপালে যান তাসরিফ। মঙ্গলবার ঘান্দ্রুকে পৌঁছান তারা। পরদিন ফিরে আসার পরিকল্পনা থাকলেও মোদি খোলার বন্যা ও পাহাড়ধসে বিরেঠাঁটি–ঘান্দ্রুক সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

তাসরিফ জানান, তাদের অবস্থান নেপালের গণ্ডকী প্রদেশের কাস্কি জেলার ঘান্দ্রুক গ্রামে। অন্নপূর্ণ অঞ্চলের প্রায় দুই হাজার মিটার উচ্চতার এই পর্যটন এলাকায় বড় ধরনের প্রাণহানি বা ধ্বংসযজ্ঞ তারা দেখেননি। তবে বন্যা ও ভূমিধসে ফেরার সড়কের একাধিক অংশ ধসে গেছে। কোথাও কোথাও সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসন ওই পথে চলাচল বন্ধ রেখেছে।

তার ভাষ্য, বুধবারই তাদের ঘান্দ্রুক থেকে বের হওয়ার কথা ছিল। কিন্তু কিছুটা দেরি হওয়ায় গাইড তাদের সতর্ক করে বলেন, ওই দিন আর যাওয়া নিরাপদ নয়। পরে তারা জানতে পারেন, যে পথ দিয়ে ফেরার কথা ছিল, তার বেশ কিছু অংশ ধসে গেছে।

তাসরিফ বলেন, ‘আমরা যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে। সময়মতো বের হলে হয়তো আমরাও বিপদের মধ্যে পড়তাম। দেরি হওয়াটাই আমাদের রক্ষা করেছে।’

বর্তমানে তাদের গাইড বিকল্প পথের সন্ধান করছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন। গাইড ফিরে আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই সংগীতশিল্পী। পরিস্থিতি বিবেচনায় আরও দুই থেকে তিন দিন ঘান্দ্রুকে অবস্থান করতে হতে পারে বলেও জানান তিনি।

দেশে ফেরার পথ নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি অর্থসংকটের কথাও জানিয়েছেন তাসরিফ। তার কাছে অল্প কিছু নেপালি রুপি ও প্রায় ১০০ মার্কিন ডলার রয়েছে। কার্ড বা ডিজিটাল মাধ্যমে লেনদেনের সুযোগ সীমিত হওয়ায় নগদ অর্থ দ্রুত শেষ হয়ে আসছে। এদিকে নতুন করে দেশে ফেরার টিকিটও পাওয়া যাচ্ছে না।

সড়কপথ পুরোপুরি ব্যবহার করা সম্ভব না হলে নদীর পাশ দিয়ে ৮ থেকে ১০ ঘণ্টা হেঁটে যাওয়ার বিকল্প রয়েছে। তবে বন্যা ও ভূমিধসের মধ্যে পাহাড়ি পথে এমন যাত্রাকেও ঝুঁকিপূর্ণ মনে করছেন তিনি। পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনো ঝুঁকি নিতে চান না তাসরিফ।

তাসরিফ জানান, টানা কাজের পর কয়েক দিনের অবসর কাটাতেই নেপালে গিয়েছিলেন। সম্প্রতি তার রোমান্টিক ঘরানার গান ‘বৃষ্টি’ প্রকাশ পেয়েছে। দেশে ফিরে রক ঘরানার নতুন গান ‘জীবনের চাকা’র মিউজিক ভিডিও ধারণের পরিকল্পনাও ছিল। গানটিতে জীবন, প্রেম ও রাজনৈতিক অস্থিরতার বিষয় তুলে ধরার কথা রয়েছে।

তবে নেপালে আটকে পড়ার পর আপাতত এসব পরিকল্পনা নিয়ে ভাবছেন না তিনি। তার একমাত্র চাওয়া নিরাপদে দেশে ফেরা। তাসরিফ বলেন, ‘শুধু নিরাপদে দেশে ফিরতে চাই। সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুস্থভাবে প্রিয়জনদের কাছে ফিরতে পারি।’