মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরী

মধ্যপ্রাচ্যে অন্তত সাত মাসের জন্য মোতায়েন করা হচ্ছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। রণতরীটির সঙ্গে প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্যও এই দীর্ঘমেয়াদি মিশনে যাবেন বলে জানিয়েছে সিএনএন।

শীর্ষ মার্কিন নৌ কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রণতরীটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করবে। নৌবাহিনীর মাস্টার চিফ পেটি অফিসার জন পেরিম্যান বলেন, সাত মাসের চেয়েও বেশি সময় সেখানে অবস্থানের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এমনকি রণতরীটির কমান্ডিং অফিসার সদস্যদের আট মাসের মোতায়েন ধরে পরিকল্পনা করতে বলেছেন।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকন নিয়ে নানা অভিযোগ ও বিতর্কের মধ্যেই থিওডোর রুজভেল্টকে পাঠানো হচ্ছে। লিংকন ২৫০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে না থেমে সমুদ্রে অবস্থান করেছিল।

এদিকে, আব্রাহাম লিংকনের দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে রণতরীটির নাবিকদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার খবর সামনে এসেছে। এমনকি সেখানে আত্মহত্যার চেষ্টার ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ২০২৫ সালের নভেম্বর থেকে সমুদ্রে থাকা লিংকনের প্রায় ৫ হাজার নাবিকের জন্য আগামী সপ্তাহে থাইল্যান্ডে একটি বন্দরে যাত্রাবিরতির পরিকল্পনা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য আরব সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন রাখা হয়েছে। পরবর্তী সময়ে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর করতেও এই মোতায়েনের ভূমিকা রয়েছে।