সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচালেন নেইমার

যে ক্লাবটির আলোয় বেড়ে উঠেছিলেন নেইমার জুনিয়র, সেই সান্তোসের গায়ে আজ যখন অচেনা অন্ধকারের কালো দাগ, তখন ঘরের ছেলেকে কি আর দূরে রাখা যায়? দলবদলের কড়া নিষেধাজ্ঞায় ক্লাব যখন ধ্বংসের মুখে, ঠিক তখনই শৈশবের ঠিকানাকে বাঁচাতে পাশে দাঁড়িয়েছে নেইমারের পারিবারিক এজেন্সি। অর্থনৈতিক ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে সান্তোসের ইতিহাসের সঙ্গে নিজের নামটা আরও একবার স্বর্ণাক্ষরে লিখে নিলেন নেইমার। 

নেইমারের পারিবারিক এজেন্সি ‘এনআর স্পোর্টস’-এর আর্থিক সহায়তায় নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল ব্রাজিলের ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

ফরাসি ক্লাব মোনাকোর কাছে মিডফিল্ডার জিন লুকাসের পাওনা ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল বা প্রায় ১৭ লাখ ব্রিটিশ পাউন্ড বকেয়া থাকায় গত জুলাই মাস থেকে সান্তোসের দলবদলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। এই অচলাবস্থার অবসান ঘটাতে এগিয়ে আসে নেইমারের এজেন্সি। সান্তোসের সঙ্গে এই আর্থিক চুক্তির আওতায় ক্লাবটিকে জরুরি তহবিল দেওয়া হয়েছে। এর বিনিময়ে সান্তোস ও এনআর স্পোর্টস যৌথভাবে ক্লাবের ফাঁকা থাকা জার্সি স্পন্সরশিপের বাণিজ্যিক দিকগুলো দেখভাল করবে।

নিষেধাজ্ঞা কাটার বিষয়টি নিশ্চিত করে সান্তোস ক্লাব কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, ‘সান্তোস এফসি ট্রান্সফার ব্যান মিটিয়ে ফেলেছে এবং দলবদলের বাজারে কাজ করার জন্য আবারও মুক্ত। এনআর স্পোর্টসের সহযোগিতার কারণেই এই অপারেশন সম্ভব হয়েছে, যার মাধ্যমে ক্লাবটি একটি জরুরি আর্থিক ইনজেকশন পেয়েছে। এর বিনিময়ে সান্তোস এফসি এবং কোম্পানিটি যৌথভাবে অব্যবহৃত কিট স্পন্সরশিপ ইনভেন্টরি নিয়ে আলোচনা করবে।’ 

এই নিষেধাজ্ঞার খাঁড়া সরতেই সান্তোস শিবিরে স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে। বর্তমানে লিগে অবনমনের ঝুঁকি এড়াতে স্কোয়াড ভারী করার পরিকল্পনা হাতে নিয়েছে ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও স্পোর্ট' জানিয়েছে, ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সান্তোস এখন সাবেক জুভেন্টাস মিডফিল্ডার আর্থার মেলোকে দলে ভেড়ানোর কাজ দ্রুত সম্পন্ন করতে পারছে। এই প্লেমেকার যোগ দিলে সান্তোসের মাঝমাঠের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।