ভোলার লালমোহনে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরাকান্দি এলাকার দুলা মিয়া চৌকিদার বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাজল ইসলামের ছেলে হাসিবুল্লাহ শামিম (২৫), রমাগঞ্জ ১ নম্বর ওয়ার্ডের নবিউল্লাহর ছেলে মাহমুদুল হাসান (২৪), পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া ৫ নম্বর ওয়ার্ডের দুলাল খন্দকারের ছেলে নুরনবী (২৪) এবং একই এলাকার মধ্য পাঙ্গাসিয়া ৫ নম্বর ওয়ার্ডের মোন্তাজ মিস্ত্রির ছেলে মনির (২৫)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লালমোহন থানায় মামলা করা হয়েছে। মামলাটি ২৮ আগস্ট দায়ের করা হয়।
লালমোহন থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।