নেপালে ভয়াবহ বন্যায় ক্রমেই বা বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ ঘটনায় অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নেপালে জন্ম নেয়া বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহবানের পাশাপাশি অনুরোধও জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম এনডিটিডি জানিয়েছে, কাঠমান্ডুতে অনুষ্ঠিত এনডিটিভি ওয়ার্ল্ড অন্বীক্ষা সামিটে অংশ নিয়ে নেপালের বন্যা নিয়ে কথা বলেন সিনিয়র এই তারকা। মনীষা বলেন, যারা এই দুর্যোগে সব হারিয়েছেন, প্রথমে সেইসব মানুষদের নিয়ে ভাবতে হবে। তাদের জন্য প্রার্থনা করছি। এত বিপুল মানুষের দুর্ভোগ দেখা সত্যিই হৃদয়বিদারক।
১১ বছর আগে ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের কথা তুলে ধরে মনীষা বলেন, অনেক বছর আগে নেপালে যে ভূমিকম্প হয়েছিল, সেটিও কীভাবে সবকিছু তছনছ করে দিয়েছিল, আমার মনে আছে। এবার যা হয়েছে, আকস্মিক। এমন বন্যা বা প্রকৃতির এমন ভয়ংকর রূপ আমরা অনেকেই আগে দেখিনি। সবার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো ও সাহায্য করা উচিত।
নেপাল মনীষার জন্মস্থান। তার পিতামহ বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা ছিলেন নেপালের প্রধানমন্ত্রী। নেপালের তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় হিমবাহ ধসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা সাড়ে চারশ ছাড়িয়েছে। দেশটির ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ১২৭ জন নেপালি নাগরিকসহ মোট ৬৬৭ জন পর্যটক ও দর্শনার্থী এখনও নিখোঁজ রয়েছেন। শত শত প্রাণহানি ঘটানো এই বিপর্যয়ে বেঁচে যাওয়া মানুষদের খোঁজে উদ্ধারকারীরা যখন তল্লাশি চালাচ্ছেন, ঠিক তখনই দেশটির উত্তরাঞ্চলে নতুন করে আরও বন্যার শঙ্কা তৈরি হয়েছে।