কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

রাজধানীর কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর তাদের কাছে আসে। খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। একই সঙ্গে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।